বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “‘বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যাদের পরিকল্পনা আছে, দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। তাই জনগণের ভোটে রাষ্ট্র গঠনের সুযোগ পেলে আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। কীভাবে দেশের নারীদেরকে আরও ক্ষমতায়ন করা যায়।”
আজ সোমবার দুপুরে ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তারেক রহমান এসব কথা বলেন। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বিএনপির চেয়ারম্যান বলেন, “আমার দল ইনশা আল্লাহ আপনাদের ভোটে এবং এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশের শহর, এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়ে হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি করতে পারবেন। আমরা ঢাকাকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই। যেই শহরে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবেন।”
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কী করতে চায়–তার পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের উন্নয়নযাত্রার সঙ্গে সম্পৃক্ত না করলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ কারণে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির আওতায় সারা দেশের খেটে খাওয়া পরিবারের গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং এর মাধ্যমে সরকার প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করবে, যাতে পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।”
কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। অতীতে বিএনপি সরকারের সময় কৃষকদের জন্য সুদ মওকুফ ও কৃষি জমির খাজনা মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার গঠন করতে পারলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে বলে তিনি ঘোষণা দেন।
তিনি বলেছেন, “বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে দেশ পুনর্গঠন করতে হবে। দেশ পুনর্গঠনে বিএনপি সচেষ্ট থাকবে। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের তরুণ যুবক সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আইসিটিসহ ভোকেশনাল বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে করব। দল-মত নির্বিশেষে, শ্রেণি-পেশা নির্বিশেষে প্রত্যেক মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি।”
প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, “বিদেশে যাওয়ার জন্য অনেককে পৈতৃক জমি বিক্রি করতে হয়। বিএনপি সরকার গঠন করলে প্রশিক্ষণপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তারা জমিজমা বিক্রি না করেই বিদেশে যেতে পারেন।”