রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে নাটোরের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ হাবিবুর রহমান নাটোর সদর উপজেলার ৪নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুঠিয়া পুলিশ জানিয়েছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কাঁঠালবাড়িয়া এলাকায় সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুর আব্দুর রশীদের বাড়িতে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়।
আটক হাবিবুর রহমান পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের খালা শাশুড়ির মেয়ের জামাই। জানা গেছে, তাকে এর আগেও সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছিল।
আটকের পর পুঠিয়া থানা-পুলিশ তাকে নাটোর সদর থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, “পুঠিয়া থানা-পুলিশ আটক হাবিবুর রহমানকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পূর্বে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে। সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ব্যাপারে বিএনপি নেতা আল মামুন খান মুঠোফোনে বলেন, “আমিও শুনেছি যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।” তবে ওই যুবলীগ নেতাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলেই ক্ষুব্ধ হয়ে কল কেটে দেন আল মামুন।
এদিকে, বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।