যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালতের বিচারক। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিচারক বলেছেন, তিন সংবাদমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা অসাংবিধানিক। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ট্রাম্পের সঙ্গে সংবাদমাধ্যমগুলোর চলমান বিরোধে গুরুত্বপূর্ণ এই রায়ের মাধ্যমে মার্কিন বিচারক টিম কেলি ওই নির্দেশ দেন। গত ১৮ সেপ্টেম্বর ট্রাম্প তিন সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেওয়ার পর তারা এর বিরুদ্ধে মামলা করেছিল। কেলি ট্রাম্প প্রশাসনকে অবিলম্বে সংবাদমাধ্যম তিনটির প্রেস পাস ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ১৪ দিনের জন্য কর্মকর্তাদের নিষেধাজ্ঞাটি কার্যকর করা থেকে বিরত রেখেছেন। জাতীয় নিরাপত্তার উদ্বেগ থেকে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছিল বলে সরকারের যে দাবি, বিচারক তা নাকচ করেছেন।
বিচারক বলেন, সংবাদমাধ্যমগুলোর প্রেস পাস বাতিল করলে জাতীয় নিরাপত্তা রক্ষা হবে বা মামলা চলাকালে পাস পুনর্বহাল করা হলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে, এমন দাবির পক্ষে নথিতে যথেষ্ট বাস্তবভিত্তিক প্রমাণ নেই। তিনি আরও বলেন, ট্রাম্প নিজেই নিষেধাজ্ঞার কারণ হিসেবে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ‘সত্যতা ও নেতিবাচকতার ঘাটতি’ থাকার অভিযোগ করেছিলেন।
হোয়াইট হাউস এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, সংবাদমাধ্যম তিনটির নিয়মিত ‘কল্পকাহিনি ও মিথ্যা’ লেখা বা প্রকাশ করা উচিত নয়। অন্যদিকে, বিচার বিভাগের আইনজীবীরা জাতীয় নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞাটির পক্ষে যুক্তি দিয়েছিলেন।
গত সোমবার সিএনএন, এমএস নাও ও পলিটিকো ট্রাম্প এবং তার প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ওয়াশিংটনের ফেডারেল আদালতে মামলা করে। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞাটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা দেওয়া মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী এবং যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে।