ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অসুস্থ এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মো. রাজন (৩৫) কি মামলায় কারাগারে বন্দি ছিলেন তা জানা যায়নি।
কারারক্ষী রাজীব বলেন, “আজ বিকেলের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কয়েদি রাজন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।”
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক কয়েদি রাজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”