Advertisement Banner

দুর্বৃত্তদের হামলায় আহত জবি মন্দিরের পুরোহিত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দুর্বৃত্তদের হামলায় আহত জবি মন্দিরের পুরোহিত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: বাসস

রাজধানীর ওয়ারীতে দুর্বৃত্তদের হামলায় সুভাষ দেউরী (২৫) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের এক পুরোহিত গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে এই হামলার ঘটনা ঘটে। পরে আজ মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। আহত সুভাষ দেউরীর বাড়ি মাগুরার শ্রীপুর থানায়। তিনি রাজধানীর ওয়ারীর নারিন্দা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সুভাষকে হাসপাতালে নিয়ে আসা তার রুমমেট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দুর্যয় সাহা জানান, রাতের দিকে ওষুধ কিনতে বাসা থেকে বের হয়েছিলেন সুভাষ। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। হামলায় তার মাথা ও হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে।

তিনি আরও জানান, হামলাকারীরা সুভাষের একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে ওই ফোন থেকে সুভাষের বোনের কাছে কল করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত