মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ৩৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। এরপর দুটি ইউনিট দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলেই নিহত প্রাইভেটকারের চালকের দেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, ‘নিউ বলেশ্বর’ নামের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটির আরোহীরা মায়ামি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে কিছু পথ উল্টোপথে গিয়ে ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির বাসটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। অন্যদিকে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। তবে বাসটি উল্টে গেলেও যাত্রীদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।