চট্টগ্রামে রিকশা যাত্রীর নিকট থেকে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেনের এ ঘটনার ভিডিও আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, সকালে মানুষশূন্য সড়কে একটি রিকশা থামিয়ে সাদা টি শার্ট ও নীল শার্ট পরিহিত দুই ছিনতাইকারী রিকশার যাত্রীর টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিচ্ছেন। ছিনতাইকারীদের একজন যাত্রীর শার্টের পকেট থেকে টাকা ছিনিয়ে নেন। যাত্রী বাধা দিলে হাতে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করেন। এরপর যাত্রীর প্যান্টের পকেটে থাকা মুঠোফোন ছিনিয়ে নেন। যাত্রী তাতেও বাধা দিলে ছুরি দিয়ে প্যান্টের ওপর ছিনতাইকারীরা আঘাত করেন। পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান ছিনতাইকারীরা।
পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেনের অদূরে কোতোয়ালী থানার অবস্থান। ওই এলাকায় প্রায়ই পথচারীরা ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, “ফেসবুকে ছিনতাইয়ের একটি ভিডিও দেখেছি। পুলিশ খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। সতীশ বাবু লেনে পুলিশের টহল জোরদার করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”