ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ১০ নভেম্বর পূর্বানুমতি ছাড়া ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তালিকা জমা দিতে সব অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের নামের তালিকা আজ ১১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এবং সব ইনস্টিটিউটের পরিচালকদের চিঠি দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়ে গত ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট পালনের নির্দেশ দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।