চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছেন স্বজনরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। খবর ইউএনবির।
পুলিশ জানায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য আবু সিদ্দিককে গ্রেপ্তারের সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা করেন। এ সময় হাতকড়া পরানো অবস্থায় তাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
নুরুল্লাহ জানান, অভিযানের সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, লক্ষণ, ফিরোজ, কোনা ও সোনালী।
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমান বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।