তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর শাখা। আজ রোববার দলটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক লুনা নূর এক বিবৃতিতে নিন্দা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন নতুন করে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বৃদ্ধি জনগণের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসাবে দেখা দিয়েছে। মানুষের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে বাজার দরের কোনো সামঞ্জস্য নেই। প্রতিনিয়ত সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাওয়া সাধারণ মানুষের জন্য গ্যাসের এই মূল্যবৃদ্ধি নতুন করে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে।”
তারা বলেন, “ঢাকা মহানগর উত্তরসহ ঢাকা শহরের বিস্তীর্ণ এলাকায় বিপুলসংখ্যক নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষ বসবাস করেন। তাদের দৈনন্দিন জীবনযাত্রায় রান্নার গ্যাস অপরিহার্য। সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে এসব পরিবারের মাসিক ব্যয় আরও বেড়ে যাবে। বিশেষ করে শ্রমজীবী, স্বল্প আয়ের ও ভাড়াটিয়া পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।”
নেতারা আরও বলেন, “গ্যাসের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির অপতৎপরতা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এ ধরনের অরাজকতা রোধ করা সরকারের দায়িত্ব। অথচ কার্যকর বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে জনগণকে বারবার ভোগান্তির শিকার হতে হচ্ছে।”
নেতারা অবিলম্বে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বর্ধিত মূল্য প্রত্যাহার, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধ এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।