Advertisement

রাষ্ট্রপতি হওয়ায় ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য, হবে উপনির্বাচন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাষ্ট্রপতি হওয়ায় ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য, হবে উপনির্বাচন
নির্বাচন ভবন। ছবি: বাসস

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

Advertisement

চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকেই ওই আসন শূন্য হয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।

Advertisement

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরেও অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “যেহেতু আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।”

সংবিধান অনুযায়ী শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকলেও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেওয়া হবে না। দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।”