ads

‘স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন’

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
‘স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন’
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ বাতিলের সিদ্ধান্ত সংসদ ও স্পিকারের এখতিয়ার বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি এসব কথা বলেন।

Advertisement

গাজী নজরুল ইসলামের এমপি পদ বাতিল প্রশ্নে রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, “পার্লামেন্ট থেকে যদি বিষয়টি নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হয়, তাহলে নির্বাচন কমিশন বিষয়টি আমলে নেবে এবং যথাযথ তদন্ত বা শুনানির পর বিষয়টি নিষ্পত্তি করবে।”

দল থেকে বহিষ্কার হলে এমপি পদ যায় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, “পার্টি থেকে বহিষ্কার করলে এমপি পদ যায় কিনা, এটা খুবই বিতর্কিত বিষয়। আমরা বলতে চাচ্ছি, যদি পার্টি থেকে বহিষ্কারের বিষয় থাকে, তাহলে সেটিও পার্লামেন্ট থেকে রেফারেন্স আকারে আসতে হবে–শাসনতন্ত্র বা আমাদের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী।”

বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তি এখনো এমপি আছেন উল্লেখ করে রহমানেল মাছউদ বলেন, “না, তিনি এমপি আছেন–এটা আপাতত সত্য। আজকে তিনি এমপি আছেনই। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি এমপি থাকবেন। তবে তিনি যদি পদত্যাগ করেন, সেটা কিন্তু আমাদের কাছে আসবে না, নির্বাচন কমিশনে আসবে না। সেটা আর্টিকল ৬৭ অনুযায়ী পার্লামেন্টের বিষয়।”

ইসি আরও বলেন, “একজন সংসদ সদস্যের পদত্যাগ এক বিষয়, আরেকটি হচ্ছে পার্টি থেকে পদত্যাগ করা। পার্টির পদ থেকে যদি পদত্যাগ করেন এবং পার্লামেন্ট যদি সেটা নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করে, তাহলে নির্বাচন কমিশন যথাযথ তদন্তপূর্বক এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।”

তবে গাজী নজরুল ইসলামের এমপি পদ বাতিল প্রসঙ্গে আইনগত কোনো ব্যাখ্যা দিতে রাজী হননি ইসি রহমানেল মাছউদ।

সম্পর্কিত