ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চারপাশের ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দিল্লিতে যাতায়াতকারী ট্রেন ও দিল্লি মেট্রো পরিষেবার ওপর সরকারের আরোপিত নানা কড়াকড়ি নিয়ে সুপ্রিম কোর্টের ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ইন্টারনেট বন্ধের এই নতুন পদক্ষেপটি সামনে এল।
মেট্রো বন্ধ ও চলাচলে বাধা দেওয়ার প্রসঙ্গে ভারতীয় শীর্ষ আদালত ক্ষোভ প্রকাশ করে সরকারকে প্রশ্ন তুলে বলেন, “একটি মাছি মারতে আপনারা এত বড় হাতুড়ি ব্যবহার করতে পারেন না।” আদালতের এই কঠোর মন্তব্যের পরপরই এলাকাটিতে নিরাপত্তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত নতুন এই কড়াকড়ি জারি করা হলো।