সরকারের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়ক ঘুরে দেখেন।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, “আজ বিকেল ৪টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে বের হন। তিনি রাজধানীর উত্তর অংশের বিভিন্ন সড়ক নিজে গাড়ি চালিয়ে ঘুরে পরিচ্ছন্নতার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়াসহ ডিএনসিসি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন। দুই ঘণ্টা ৩০ মিনিটেরও বেশি সময় বিভিন্ন সড়ক পরিদর্শনের পর মাগরিবের নামাজের সময় তিনি গুলশানের বাসভবনে ফিরে আসেন।”
জাহিদুল ইসলাম রনি বলেন, “প্রধানমন্ত্রী বারবার ঢাকাকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই লক্ষ্যেই তিনি নিজে মাঠপর্যায়ে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন।”
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি।