খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাসহ অন্যান্য জেলায় বাস চলাচল ফের শুরু হয়েছে। গত বুধবার থেকে নিরাপত্তা শঙ্কায় এই রুটে বাস চলাচল কার্যত বন্ধ ছিল।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান চরচাকে জানান, গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যায় আজ সকাল থেকেই। দুপুরের পর থেকে খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক হয়েছে। রাত থেকে ওই রুটে অন্যান্য দূরপাল্লার বাসও চলবে।
খুলনা নগরীর রয়্যাল মোড়ে এনা পরিবহন কাউন্টারের টিকিট বিক্রেতা সাগর, সাতরাস্তা মোড়ে গ্রিনলাইন পরিবহন কাউন্টারের দায়িত্বে থাকা আবুল খায়ের, সোনাডাঙ্গা রয়েল পরিবহনের টিকিট বিক্রেতা জামাল হোসেন কিংবা সোনাডাঙ্গার দোলা পরিবনের টিকিট বিক্রেতা দিপুও একই কথাই জানিয়েছেন।
এর আগে নিরাপত্তা শঙ্কায় গত বুধবার দুপুরের পর খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ সময়ে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে কোনো পরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি বা ঢাকা থেকে খুলনায় এসে পৌঁছায়নি। বিকল্প রাস্তা হিসেবে কিছু পরিবহন তখন যশোর-মাগুরা রুট ব্যবহার করেছে।