আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক আজ বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে নির্বাচনী প্রচার, যা চলবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত।
প্রতীক বরাদ্দের বিষয়ে ইসির পরিপত্রে বলা হয়েছে, ‘‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মধ্যে প্রতীক বরাদ্দ করতঃ নামের তালিকা প্রকাশ করতে হবে।’’
নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে রোববার ইসি আপিল নিষ্পত্তি শেষ হয়। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়। এরমধ্যে আপিল মঞ্জুর হয়েছে ৪২৫টি। এছাড়া ২০৬টি আপিল নামঞ্জুর করা হয়েছে। আর ১৪টি আপিল প্রত্যাহার করা হয়েছে।
নির্বাচনের ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।