কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি পালনের বিক্ষোভকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাশিয়ানী ও মুকসুদপুরের আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি দল গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
দুপুর ১টার দিকে একদল লোক মুকসুদপুর থানায়তেও হামলা চালায়। তারা থানা ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুর চলছিল বলে জানা গেছে।
এদিকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের নেতৃত্বে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী ‘লকডাউন’ কর্মসূচি পালনে রাস্তায় নামেন।
বিক্ষোভে যুবলীগ, ছাত্রলীগ ও অন্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেয়। তারা বিভিন্ন স্থানে স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে।
কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলাতেও বিক্ষিপ্তভাবে অস্থিরতার খবর পাওয়া গেছে।
থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি উপেক্ষা করেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ চালিয়ে যায়। এতে পুরো জেলায় উত্তেজনা আরও বেড়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকাগুলোতে যৌথ বাহিনীর কোনো অভিযান দেখা যায়নি।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২১ প্লাটুন এবং আনসারের আট প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।