পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। আর ডিসেম্বর মাসের শেষ নাগাদ এই ইউনিটের প্রয়োজনীয় সব জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে।
গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন ‘রোসাটম’।
বিবৃতিতে বলা হয়েছে, রূপপুর প্রকল্পের চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী আকাশপথে কয়েকটি চালানে (ফ্লাইট) এই জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে। আগামী অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বরের শেষ নাগাদ এই সরবরাহপ্রক্রিয়া পুরোপুরি শেষ হবে।
গত ২৪ সেপ্টেম্বর জ্বালানি বহনকারী কার্গো ফ্লাইটের ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। ওই ঘটনার পর এটিই রোসাটমের প্রথম আনুষ্ঠানিক বক্তব্য। তবে বিবৃতিতে চালান বাতিলের কারণ, ভবিষ্যৎ ফ্লাইটের রুট বা প্রথম ফ্লাইটের নির্দিষ্ট তারিখ নিয়ে কিছু বলা হয়নি।
এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, আকাশপথ ‘ক্লিয়ার’ না থাকায় বিমানটি রওনা দিতে পারেনি।
অন্যদিকে প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র বলছে, এই বিলম্বে প্রকল্পের কাজে ব্যাঘাত ঘটবে না, কারণ দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোড করতে এখনো বেশ সময় লাগবে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছায়। সে সময় আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎকেন্দ্রটির ‘গ্র্যাজুয়েশন’ সনদ হস্তান্তর করা হয়েছিল।