পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
গতকাল বুধবার রাতে দেওয়া যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত ডকুমেন্টসগুলোরও ব্যাকআপ আছে।
গত সোমবার রাত ৩টার দিকে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) কার্যালয়ের সার্ভার কক্ষে আগুন লাগে। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভবনের কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়। আগুনে প্রকল্পের অভ্যন্তরীণ একটি সার্ভারও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পাইওনিয়ার বেইসের একটি অস্থায়ী ভবনে আগুন লাগে। যা বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে অবস্থিত। ফলে, এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের নির্মাণ কার্যক্রম ও কমিশনিং কার্যক্রম প্রভাবিত হওয়ার সুযোগ নেই। এছাড়া, বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
অগ্নিকাণ্ডে অস্থায়ী ভবনের দুটি কক্ষের অফিস আসবাবপত্র, ডকুমেন্টস, আইটি ও যোগাযোগ-সংক্রান্ত সরঞ্জাম আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ডকুমেন্টের পর্যাপ্ত ব্যাকআপ কপি প্রকল্প কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকায় তথ্য সংরক্ষণ ও কার্যক্রম পরিচালনায় কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে প্রকল্পের ফায়ার সেফটি প্রসিডিওর অনুসরণ করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে স্প্লিট টাইপ এসির ইনডোর ইউনিটের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।