পাবনা সদর উপজেলায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে এক গরুর হাটের ইজারাদার ও ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় এক নেতা নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার আবদুস সালাম (৫৪) এবং বিএনপির স্থানীয় নেতা রিপন হোসেন (৩০)। তাদের দুজনের বাড়ি ধর্মগ্রাম গ্রামে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচ থেকে সাতজন হামলাকারী পুষ্পপাড়া বাজারে সালামের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে দুজনকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সালাম গত ২০ বছর ধরে ওই গরুর হাটের ইজারাদার ছিলেন।
পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হাটের ইজারা নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সাহা বলেন, হামলাকারীদের শনাক্ত করা এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।