Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিযোগিতা করছে: সিজিএস সভাপতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিযোগিতা করছে: সিজিএস সভাপতি
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিযোগিতা করছে বলে মন্তব্য করেছেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।

Advertisement

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘পরিবর্তনশীল বিশ্ব: ক্ষমতা, মানুষ ও আমাদের প্রত্যাশিত ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে সিজিএস আরও জানায়, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) এম এম আলী ক্যাম্পাসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গেরডেস, বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সচিব নাসিম ফেরদৌস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর হাবিব।

অনুষ্ঠানে জিল্লুর রহমান বলেন, “বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন এখন বড় চ্যালেঞ্জ।”

জিল্লুর রহমান আরও উল্লেখ করেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিযোগিতা করছে। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এ সময় কপ২০২৬-এর প্রসঙ্গ তুলে তিনি ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন দেশের সামনে আসা চ্যালেঞ্জের কথা বলেন।

জিল্লুর রহমান আরও বলেন, “দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। তাই দেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।”

ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গেরডেস বলেন, “আমরা বর্তমানে একটি বড় বৈশ্বিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, তা হলো চীনের উত্থান। এর ফলে পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ছে, যার প্রভাব ইতিমধ্যে দেখা যাচ্ছে। জার্মানির শিল্প খাত, যা ঐতিহ্যগতভাবে দেশটির অর্থনীতির শক্তি ও মেরুদণ্ড হিসেবে পরিচিত, বর্তমানে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে।”

ফেলিক্স গেরডেস বলেন, “মুনাফা কমে যাওয়ার প্রভাব সরাসরি পড়ছে মজুরি ও সরকারি রাজস্বের ওপর। বিশ্বজুড়েই ধনীদের কাছ থেকে কর আদায় ক্রমেই কঠিন হয়ে উঠছে, অন্যদিকে অর্থনৈতিক বৈষম্যও বেড়ে চলেছে।”

ফেলিক্স গেরডেস আরও বলেন, “ট্রাম্প প্রশাসনের উত্থানের মধ্য দিয়ে আমরা যে চ্যালেঞ্জগুলো দেখেছি, তা সংস্কারের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। এখন প্রয়োজন অর্থনীতির পুনর্গঠন। তবে কীভাবে তা করা সম্ভব, সেটিই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।”

আলোচনা সঞ্চালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মানবিক বিভাগের অ্যান্ড্রু ডব্লিউ মেলন ফেলো ড. থমাস জেমস নিউবোল্ড।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা, শান্তি, গণতন্ত্র, নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন শিক্ষাগত ও সাংস্কৃতিক পটভূমি থেকে আসা তরুণীরা বৈশ্বিক বিষয়াবলির ভবিষ্যৎ নিয়ে নিজেদের উদ্বেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরেন।