গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাবে, এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া ১১ জনকেই সন্দেহভাজন হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নতুন ১১ জনসহ হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৫ জনে। তবে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ১০১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৫৭ জন আক্রান্ত হয়েছে। ফলে সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন।
একই সময়ে নতুন করে ১১৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ়় নিয়ে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।