Advertisement

বাবার গ্রেপ্তারের পর প্রথম প্রকাশ্যে মেগান মার্কেল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাবার গ্রেপ্তারের পর প্রথম প্রকাশ্যে মেগান মার্কেল
প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। ছবি: বাসস

বাবার বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে মামলা হওয়ার পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো জনসমক্ষে আসেন মেগান মার্কেল। স্বামী প্রিন্স হ্যারির সঙ্গে বেলজিয়ামের ব্রাসেলস সফরে গিয়ে অনেকটাই নীরব ও আড়ালে থাকার চেষ্টা করেন তিনি।

Advertisement

অনলাইনে শিশুদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে ইউরোপীয় পার্লামেন্টে পৌঁছালে ফটোগ্রাফারদের একটি দল তাদেরকে স্বাগত জানায়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মেগানের বাবা থমাস মার্কেলকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রেপ্তার করা হয়। শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি রাখার অভিযোগে তার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে সাংবাদিকেরা প্রশ্ন করলেও মেগান কোনো জবাব দেননি।

Advertisement

অনুষ্ঠানে মেগান ও হ্যারির একসঙ্গে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে উদ্বোধনী পর্বে শুধু হ্যারি বক্তব্য দেন। অনলাইনে নির্যাতন ও শোষণের শিকার হয়ে প্রাণ হারানো ৫০ শিশুর স্মরণে নির্মিত একটি বিশেষ স্থাপনা উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর নাম দেওয়া হয়েছে ‘লস্ট স্ক্রিন মেমোরিয়াল’।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বাবার গ্রেপ্তারের পর মেগান মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে, এই মুহূর্তে তার পক্ষে জনসমক্ষে বক্তব্য দেওয়া সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার সকালে অনুষ্ঠানে পৌঁছে অবশ্য দুজনকেই বেশ শান্ত ও স্বাভাবিক দেখাচ্ছিল। মেগানের পরনে ছিল কালো পোশাক। বুকে লাগানো ছিল ছোট একটি পপি ফুলের প্রতীক। যুদ্ধে প্রাণ হারানো সেনাদের স্মরণে এই প্রতীক ব্যবহার করা হয়।

এ সময় তিনি হ্যারির হাত শক্ত করে ধরে ছিলেন। হ্যারির পরনে ছিল গাঢ় নীল রঙের আনুষ্ঠানিক পোশাক, সঙ্গে পপি প্রতীক ও গাঢ় রঙের টাই।

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেতসোলা এবং স্পেনের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আন্তোনিও লোপেজ-ইস্তুরিজের সঙ্গে সাক্ষাতের সময় হ্যারির পাশে হাস্যোজ্জ্বল দেখা যায় মেগানকে।

যুক্তরাষ্ট্রে ছয় বছর বসবাসের পর যুক্তরাজ্যে ফিরে আসার পর বিদেশে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে এই প্রথম একসঙ্গে দেখা গেল মেগান ও হ্যারিকে।

শিশুদের অনলাইন নিরাপত্তায় ইইউর প্রশংসা হ্যারির

অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন প্রিন্স হ্যারি। আলোচনায় ২০২০ সাল থেকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের প্রচেষ্টার কথা তুলে ধরেন হ্যারি।

সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণহীন বিস্তার নিয়ে সমালোচনা করে হ্যারি বলেন, “অল্প কয়েকজন অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি চান, পুরো বিশ্ব যেন সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়ে, যেখানে কোনো আইন বা নিয়ন্ত্রণ থাকবে না।”

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর (বিগ টেক) কার্যক্রম নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগের প্রশংসাও করেন তিনি। বিশেষ করে ১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা এবং ১৫ বছর বয়স পর্যন্ত সীমিত ও অভিভাবকের তত্ত্বাবধানে ব্যবহারের সুযোগ রাখার পরিকল্পনার প্রশংসা করেন হ্যারি। এ উদ্যোগটি ‘ইইউ কিডস অ্যাক্ট’ নামে পরিচিত।

২০২০ সালের শুরুর দিকে মেগান ও হ্যারি রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তবে ব্যক্তিগত উদ্যোগে তারা এখনো এ ধরনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।