ব্রিটিশ পুলিশ আজ বৃহস্পতিবার জানিয়েছে, রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তিতে তল্লাশি চালানোর জন্য নেওয়া পরোয়ানাগুলো ভুলভাবে অনুমোদন করা হয়েছিল। ফলে সেগুলো বাতিল করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত ফেব্রুয়ারিতে সরকারি দায়িত্ব পালনে অনিয়মের সন্দেহে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়। এরপর পূর্ব ইংল্যান্ডের স্যান্ড্রিংহাম ও উইন্ডসরে তার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সম্পত্তিতে তল্লাশি চালানো হয়।
অভিযোগ রয়েছে, ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে অ্যান্ড্রু দণ্ডিত যৌন অপরাধী প্রয়াত জেফ্রি এপস্টেইনের কাছে গোপন সরকারি নথি ফাঁস করেছিলেন।
পুলিশ এখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় ছেলে অ্যান্ড্রু এপস্টেইন-সংক্রান্ত কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। একই সঙ্গে এপস্টেইনের সঙ্গে তার বন্ধুত্বের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার এবং এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ক্ষোভের ঘটনায় ব্রিটিশ রাজপরিবার ৯০ বছরের মধ্যে অন্যতম বড় সংকটের মুখে পড়ে।
অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর তল্লাশির পরোয়ানাগুলো বাতিলের আবেদন করেন। থেমস ভ্যালি পুলিশও স্বীকার করেছে, পরোয়ানাগুলো যথাযথভাবে অনুমোদিত হয়নি।
থেমস ভ্যালি পুলিশের এক মুখপাত্র বলেন, “নির্দিষ্ট যে আইনের অধীনে প্রাথমিক আদালত পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছিল, সেটি ভুল ছিল—আমরা তা স্বীকার করছি। ফলে আইনগতভাবে পরোয়ানাগুলো বাতিল করতে হবে।”
অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তিতে তল্লাশি চালানো–সংক্রান্ত মামলার শুনানির সময় হাইকোর্টের বাইরে গণমাধ্যমকর্মীদের জড়ো হতে দেখা যায়। লন্ডন, ব্রিটেন। ৮ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স
তিনি আরও বলেন, “তল্লাশির সময় জব্দ করা সামগ্রী কীভাবে ব্যবস্থাপনা করা হবে এবং চলমান তদন্তের স্বার্থে সেগুলো আইনসম্মতভাবে আমাদের কাছে রাখা যাবে কি না, তা নির্ধারণে বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, এপস্টেইন-সংক্রান্ত লাখ লাখ নথি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করার পর যে ফৌজদারি তদন্ত শুরু হয়েছিল, তা এখনো চলমান।