নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল শনিবার রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জিসান (২২) ফতুল্লার বাসিন্দা। নিহতের পরিবার ও বন্ধুরা লাঠিসোঁটা নিয়ে এলাকায় ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে ‘আল ফালাহ’ নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক কাউসার আহমেদ কয়েকজন লোক নিয়ে জিসানকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যান। জিসানের বিরুদ্ধে একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ আনা হয়।
পরিবারের দাবি, তুলে নেওয়ার পর জিসানকে হাত-পা বেঁধে মারধর করা হয়। মারধরের একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। পরে জিসানকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”