গোপালগঞ্জ শহরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে অগ্নিসংযোগের পর হামলাকারীরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক সদর থানা-সংলগ্ন এমপির বাড়ির সামনের ফটকে আগুন ধরিয়ে দেয়। এর আগে তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় লোকজন জানায়, তারা বাড়ির জানালার কাচ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠি দিয়ে সেগুলো ভাঙচুর করে। পরে ভবনের ভেতরে ঢুকে বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালায়।
এ সময় ভবনের ওপরতলায় অবস্থিত আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও তাদের স্বজনেরা দ্রুত ক্লিনিক ছেড়ে বেরিয়ে যান। তবে রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে হামলাকারীরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন বলে জানা গেছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।