সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপে পর্যায়ক্রমে অংশীজন হিসেবে সিভিল সোসাইটি, রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন।
আজ মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “পরিকল্পনার অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজে এগিয়েছি। জনসম্পৃক্ততার বিষয়টা আছে, আমরা বিভিন্ন স্টেকহোল্ডারস যারা আছেন যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই যোদ্ধাদের সাথে আমরা পর্যাক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব।”
আখতার আহমেদ বলেন, “প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ২৮ তারিখ থেকে করা হবে।”
এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের এটি হবে প্রথম সংলাপ। নির্বাচনী আইনি সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালটসহ ভোটসংক্রান্ত বিভিন্ন বিষয় এতে আলোচনায় আসতে পারে।
এবারের সংলাপে আলোচ্যসূচি চূড়ান্ত করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এর মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চলছে, যা শেষ হবে ১৫ অক্টোবর।
ইসির রোডম্যাপ অনুযায়ী, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে এক থেকে দেড় মাসব্যাপী সংলাপ হবে।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা জানান, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মূল সংলাপ অক্টোবরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য আমন্ত্রিত দলের তালিকা তৈরির কাজ চলছে। সংলাপসূচি চূড়ান্ত হওয়ার অন্তত এক থেকে দেড় সপ্তাহ আগে দলগুলোর কাছে আমন্ত্রণপত্র পাঠানো হবে। যেখানে আমন্ত্রণ, প্রতিনিধি সংখ্যা ও লিখিত মতামত দেওয়ার অনুরোধ থাকবে। সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজা মাথায় রেখে অক্টোবরজুড়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চালানোর পরিকল্পনা আছে