জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ আর দেখতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আবেদন করার পর দীর্ঘদিনেও সেবা না পাওয়া, আবেদনের অগ্রগতি জানতে না পারা এবং এক দপ্তরের দায় অন্য দপ্তরের ওপর চাপানোর প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সিইসি বলেন, “নাগরিকদের সেবা নিশ্চিত করতে চাই। এনআইডি কেন্দ্রিক কোনো হয়রানি থাকবে না, দুর্নীতির মধ্যে কাউকে যেতে হবে না, এটাই আমার প্রত্যাশা। এ ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছ থেকে সমাধান চাই।”
আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকেরাও কর্মশালায় অংশ নেন।
সিইসি বলেন, প্রতিদিন তার কাছে সইয়ের জন্য আসা আবেদনের মধ্যে অন্তত ছয়-সাতটি থাকে এনআইডি-সংক্রান্ত। এসব আবেদনে কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা না পাওয়ার অভিযোগ জানান।
নাসির উদ্দিন বলেন, “বিষয়টি আমাকে খুব বিব্রত করে। পত্রপত্রিকায় যখন হয়রানির খবর দেখি, তখন আরও অস্বস্তি বোধ করি। আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়।”
এনআইডি সেবায় দুর্নীতির অভিযোগ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “কীভাবে এই সেবাকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করা যায়, সে বিষয়ে অংশীজনদের পরামর্শ প্রয়োজন। মানুষের সেবা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত।”
নাগরিকদের আবেদন গ্রহণের পর দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তার আবেদন গ্রহণ করা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।
এনআইডি-সংক্রান্ত সমস্যা সমাধানে এক দপ্তরের ওপর অন্য দপ্তরের দায় চাপানোর প্রবণতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান সিইসি।
নাসির উদ্দিন বলেন, “ব্লেইম গেইম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেইম গেইম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটি নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে হবে।”
এনআইডি সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন নাসির উদ্দিন। তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।