চলতি সেপ্টেম্বর মাসের ১৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মশাবাহিত এই রোগে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। খবর ইউএনবির।
এরই মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা গেছেন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় ৪৪ দশমিক ৮৯ শতাংশই হয়েছে শুধু সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া, সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে সারা দেশের হাসপাতালে মোট ২২ হাজার ৫৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত কোনো এক মাসে এটিই সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা।
আগস্টে মোট ২২ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ৮ সেপ্টেম্বর ছিল ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর দিন। ওই দিন এক দিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়। তবে মার্চ ও এপ্রিল মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতদের মধ্যে চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং একজন রংপুর বিভাগে মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ৫৮ হাজার ৪০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৪ হাজার ৯২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।