বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। তিনি বলেন, জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে।
আজ বুধবার দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
বাংলাদেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘‘নেতাদের বলব, ১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কী হয় তা ৫ আগস্ট দেখা গিয়েছিল।’’
তারেক রহমান বলেন, ‘‘৫ আগস্টের পরে দেখেছি, স্বৈরাচার যে ভাষায় জনগণকে বলত, গুণী ব্যক্তিকে অপদস্থ করত, মানুষকে ছোট করত, দুঃখের সঙ্গে খেয়াল করলাম, সেই রীতি বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত, তারা এখন নতুন জালেমের ভূমিকায় দেশের মানুষের কাছে আবির্ভাব হয়েছে।’’
তারেক রহমান বলেন, ‘‘অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের নিয়ে অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যে নেতা ও কর্মীরা মা-বোনদের জন্য সম্মান দেখায় না, শ্রদ্ধা নেই মা-বোনদের প্রতি, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। তাদের কাছ থেকে মানুষ আত্মমর্যাদা আশা করতে পারে না।’’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘‘কুমিল্লা জেলায় গুপ্তদের একজন নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। কোন পর্যায়ের মানুষ তারা, কোন পর্যায়ের মানুষ হলে জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, মানুষকে কীভাবে তারা ট্রিট করছে, তাদের মানসিকতা কোন পর্যায়ের তা বেরিয়ে এসেছে।’’
‘গুপ্তদের’ উচিত শিক্ষা দিতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘‘এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্যে কী দুর্বিসহ জীবন নেমে আসবে, তা বোঝা যাবে। তাই গুপ্তদের উচিত শিক্ষা দিতে হবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আগামীর বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে।’’