Advertisement

ঢাকায় আজ থেকে চালু হচ্ছে নারীদের জন্য ‘মহিলা বাস সার্ভিস’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঢাকায় আজ থেকে চালু হচ্ছে নারীদের জন্য ‘মহিলা বাস সার্ভিস’
বিআরটিসি বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে আজ মঙ্গলবার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হচ্ছে আজ মঙ্গলবার। এদিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।

Advertisement

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত গোলাপি রঙের ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন আজ সকাল ১০টায় তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।

Advertisement

বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।