আগামী সরকারের জন্য বিদ্যুৎ খাত হবে ‘ধারালো তলোয়ারের ওপর হাঁটা: সাবেক প্রতিমন্ত্রী টুকু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আগামী সরকারের জন্য বিদ্যুৎ খাত হবে ‘ধারালো তলোয়ারের ওপর হাঁটা: সাবেক প্রতিমন্ত্রী টুকু
সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: বাসস

আগামী নির্বাচনের পর যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, তাদের জন্য ধ্বংসপ্রায় বিদ্যুৎ ও জ্বালানি খাত সামলানো হবে অনেকটা ‘ধারালো তলোয়ারের ওপর দিয়ে হাঁটার মতো কঠিন’ বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রাজধানীর সিআইআরডিইউপি মিলমাতয়নে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, “দেশে কয়লা থাকা সত্ত্বেও তা উত্তোলনে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে জ্বালানি নিরাপত্তা আরও দুর্বল হয়েছে। অন্যদিকে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ উৎপাদন না করেও নিয়মিত অর্থ পরিশোধ করা হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করছে।“

টুকু আরও বলেন, “দেশ গভীর আর্থিক সংকটে রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐকমত্য, কাঠামোগত সংস্কার এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ছাড়া বিকল্প নেই।“

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব আহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জাতীয় ইস্যুতে সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীদের মধ্যে ঐক্যমতের প্রয়োজন। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতি বদলানোয় সমস্যা সমাধান হচ্ছে না, বরং সমস্যা বেড়ে যাচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ বিষয় যেমন স্বাস্থ্য, শিক্ষা, দুর্নীতি রোধ, এবং দেশপ্রেমমূলক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কমিটমেন্ট এবং দায়িত্বশীলতা অপরিহার্য।“

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাবেক সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, বিইআরসির সাবেক সদস্য মো. মিজানুর রহমান, চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান, আইইইএফএ'র লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম, এলপিজি অটোগ্যাস ওনার্স অ্যাসোসিয়েশনেরর সভাপতি মো. সেরাজুল মাওলা, লোয়াবের সহ-সভাপতি হুমায়ুন রশিদ, সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিক সমিতি মহাসচিব ফারহান নূর, রবির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শহীদ আলম।

সম্পর্কিত