Advertisement

প্রতিবেশী দেশের মদদে ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় ফিরতে চাইছে: রিজভী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রতিবেশী দেশের মদদে ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় ফিরতে চাইছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাসস

ভারত বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাম উল্লেখ না করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পলাতক ফ্যাসিস্ট শক্তি’ পেছনের দরজা দিয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। প্রতিবেশী একটি দেশের সমর্থন নিয়ে তারা আবারও ক্ষমতায় ফিরতে চায়।

Advertisement

তিনি বলেন, “পলাতক ফ্যাসিস্টরা এখন পেছনের দরজা দিয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এ দেশের মানুষ তাদের সেই চেষ্টা কখনোই সফল হতে দেবে না। তারা ১৭ বছর ধরে মানুষকে নিপীড়ন ও নির্যাতন করেছে। এখন প্রতিবেশী একটি দেশের সমর্থন নিয়ে পেছনের দরজা দিয়ে আবার ক্ষমতায় ফিরতে চায়।”

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ সোমবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে দলটির ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সাথে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Advertisement

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা ফিরে পেতে তারা সহিংসতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, “এ দেশের মানুষ আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বকে বাংলাদেশকে আবারও সেই রক্তাক্ত পথে নিয়ে যেতে কখনোই দেবে না। এটাই জনগণের দৃঢ় প্রত্যয়।”

রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট শক্তির কথিত নৈরাজ্য, সন্ত্রাস ও বোমা হামলার সব কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ।