Advertisement

আ.লীগ দেশের ভেতরে ও বাইরে থেকে নাশকতা চালাচ্ছে: রিজভী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আ.লীগ দেশের ভেতরে ও বাইরে থেকে নাশকতা চালাচ্ছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, “আওয়ামী লীগের পতন হলেও তাদের ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। তারা দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা চালাচ্ছে।”

Advertisement

আওয়ামী লীগের এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবে বলেও জানান তিনি। খবর বাসসের।

আজ রোববার রাজধানীর জিয়া উদ্যানে সদ্য গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া, বোমাবাজি এবং সড়ক, মহাসড়ক ও রেলপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে প্রশাসনকে সহযোগিতা করবেন বিএনপির নেতা-কর্মীরা।

গার্মেন্টস খাতে চলমান আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দিয়ে শেখ হাসিনার অনুসারীরা গার্মেন্টস খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এমনকি তাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকদের প্রবেশে বাধা দিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।”

শেখ হাসিনার দণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “পতিত শেখ হাসিনার দণ্ড হয়েছে। তিনি দেশে ফিরে এলে তার দণ্ড বহাল থাকবে এবং কার্যকর করা হবে।”

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।