Advertisement

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে হত্যা, ভাড়া নিয়ে বিরোধের অভিযোগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে হত্যা, ভাড়া নিয়ে বিরোধের অভিযোগ
ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ। ছবি: ইউএনবি

রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলায় ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।

Advertisement

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়ার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

Advertisement

স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, একই এলাকার ছয়জন নির্মাণশ্রমিক সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে কুমিল্লা থেকে ফিরছিলেন। এ সময় ভাড়া নিয়ে তাদের সঙ্গে বাসের চালকের সহকারী ও সুপারভাইজারের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে বাসটি তারাগঞ্জে পৌঁছালে আতিক নামে এক শ্রমিককে তার ইচ্ছার বিরুদ্ধে বাসে আটকে রাখেন এবং অন্যদের জোর করে নামিয়ে দেন। পরে আতিককে উদ্ধার করতে মুকুল ও শাকিব আবার বাসে ওঠেন। এ সময় বাসের কর্মীদের সঙ্গে তাদের ফের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে বাসের কর্মীরা চলন্ত গাড়ি থেকে জিগারতল এলাকায় ওই দুই শ্রমিককে লাথি মেরে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্যজন আহত হন।

আতিকের চিৎকার শুনে স্থানীয় লোকজন একটি মাইক্রোবাসের ব্যবস্থা করে বাসটির পিছু নেন। পরে চিকলী এলাকায় বাসটি থামাতে সক্ষম হন।

খবর পেয়ে সকাল ৮টার দিকে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সড়কের পাশে ওই দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজন আগেই মারা গিয়েছিলেন। অন্যজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজীর আহমেদ বলেন, ঘটনাস্থলে সড়ক দুর্ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুই ব্যক্তিকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাববর হোসেন বলেন, পুলিশ বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করছেন।

মোনাববর হোসেন আরও বলেন, ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।