টানা বর্ষণের কারণে রেললাইনে পানি জমে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে কোনো ট্রেন যায়নি। ক্যাম্পাস থেকেও কোনো ট্রেন শহরের উদ্দেশ্যে ছাড়েনি।
নগরীর ষোলশহর স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়মুখী রেললাইনে পানি ওঠায় এ সংকট হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ।
পূর্ব রেলের ডিটিও ফারহান আহমেদ চরচাকে বলেন, ষোলশহর থেকে যাওয়ার পথে অক্সিজেন গেইট এলাকায় লাইনের ওপর ১০ ইঞ্চি পরিমাণ পানি জমে থাকায় সকাল থেকে কোনো শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের দিকে ছেড়ে যায়নি। পানির স্তর ৩ থেকে ৫ ইঞ্চি উচ্চতার মধ্যে আসলে ট্রেন চলাচল শুরু হবে বলে জানান তিনি।
জানা যায়, চট্টগ্রাম থেকে সকাল সোয়া ৭টা ও ৭ টা ৪০ মিনিটে দুটি শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়ার কথা থাকলেও সেগুলো ষোলশহর স্টেশনে আটকে আছে। এছাড়া ক্যাম্পাস থেকে সকাল ৮ টা ৪০ মিনিটে শহরের উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়তে পারেনি। বেলা সোয়া ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয় নি।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রামে গতকাল রোববার রাত থেকে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। ভারি বর্ষণের কারণে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী, আজ সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।