চট্টগ্রামে দুটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি চট্টগ্রাম নগরীতে আরেকটি আনোয়ারা উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গতকাল বুধবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং ও আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার দুটি পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সিমেন্ট ক্রসিং এলাকা থেকে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মধ্যরাতে একদল যুবক সিমেন্ট ক্রসিং এলাকার পুলিশ বক্সটিতে আগুন দেয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান চরচাকে বলেন, “পুলিশ বক্স থেকে ধোঁয়া উঠতে দেখে আমাদের পুলিশ সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। সেখানে কোনো আসবাবপত্র পুড়ে যায়নি।”
ওসি বলেন, “কেউ আগুন লাগিয়েছে কি না বোঝা যাচ্ছে না। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
অপরদিকে, চাতরী চৌমুহনী এলাকার পুলিশ জানায়, গভীর রাতে ট্রাফিক বক্সটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুলিশ বক্সের ভেতরের আসবাবপত্র পুড়ে যায়।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী চরচাকে বলেন, “আমরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছি।”