Advertisement

বাংলাদেশ পলাতক সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাংলাদেশ পলাতক সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো দণ্ডিত ও পলাতক সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না। পরিবর্তে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রনালয়ে সাংবাদিকদের এসব বলেন হুমায়ুন কবির। খবর ইউএনবির।

হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, “তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।”

Advertisement

হুমায়ুন কবির বলেন, “শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগ হাস্যকর। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো দেখার সুযোগ নেই। শেখ হাসিনা ইতিমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলমান রয়েছে, যেগুলোতে সর্বোচ্চ শাস্তির সম্ভাবনাও রয়েছে।”

এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তির আওতায় হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে আবেদন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা।

রয়টার্স জানিয়েছে, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে ওই চিঠিটি পাঠান।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।