Advertisement

নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এ বিষয়ে বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

Advertisement

২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম হাসিনার এমন আবেদনের তথ্য সামনে এলো।

Advertisement

রয়টার্স জানিয়েছে, ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান এবং দেশ ছাড়ার দুই বছরের বেশি সময় পর তার এই উদ্যোগে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

ছবি: স্ক্রিনশট
ছবি: স্ক্রিনশট

এর আগে শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ জানানো হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্স জানিয়েছে, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে ওই চিঠিটি পাঠান।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

চিঠিতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় সরকারের মুখপাত্রদের কাছে রয়টার্স মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি।