চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে পুশইন চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তি বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, রোববার ভোর ৩টা ১০ মিনিটের দিকে জীবননগর উপজেলার মাধবখালী এলাকায় সীমান্ত পিলার ৭০/২-এসের কাছে এ ঘটনা ঘটে।
বিএসএফের ৩২ ব্যাটালিয়নের সদস্যরা ওই তিনজনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সময় মাধবখালী বিজিবি সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল তাদের দেখতে পায়। পরে বিজিবি সদস্যরা তাদের শূন্যরেখা পার হয়ে বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
বিজিবির কঠোর অবস্থানের কারণে তিনজন শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের ভূখণ্ডের ভেতরে চলে যান।
পরে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে আসেন।
বিজিবি জানায়, সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে বিএসএফের মেটেরি ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৬৮/৫-এসের কাছে একটি গেট খুলে ওই তিনজনকে ভারতের ভূখণ্ডে নিয়ে যান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তাদের তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপের কারণে পুশইনের চেষ্টা সফল হয়নি। সীমান্ত সুরক্ষা, অবৈধ প্রবেশ ও পুশইন ঠেকানো এবং সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি উচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।