রাজধানীর আজিমপুরের গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগ ও পুলিশের হামলার প্রতিবাদে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আজিমপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন তারা।
সড়ক অবরোধ করে আন্দোলনের সময় শিক্ষার্থীদের হাতে ‘মধ্যরাতে কলেজে পুলিশ কেন’, ‘১ দফা ১ দাবি, অধ্যক্ষের পদত্যাগ’ লেখা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ছিল।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ মেহেরুন্নেছাকে মুক্ত করতে রাতে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকেই অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে কার্যালয় থেকে বের করে নিয়ে যায়। অধ্যক্ষকে বের করে নেওয়ার পর থেকে কলেজের সামনের সড়কে নেমে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। মধ্যরাতের পরও সেখানে শতাধিক শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়। তারা অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করছেন।
আন্দোলনরত শিক্ষার্থী ও কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, পূজার ছুটির আগে কলেজ অডিটোরিয়ামে তিনটি আবাসিক হলের পাঁচটি বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি প্রাথমিকভাবে রাত ১০টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানটি ভোর ৫টা পর্যন্ত চলে। অতিরিক্ত সময় অডিটোরিয়াম ব্যবহার করার অপরাধে অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছা পরে অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্ত নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, পরে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাদের কাছ থেকে এক রাতের অডিটোরিয়ামের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফুটেজে দেখা যায়, অধ্যক্ষকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। তা একসময় ধাক্কাধাক্কিতে রুপ নেয়। পরে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সরিয়ে অধ্যক্ষকে বের করে আনেন।