ads

ফরিদপুরে দুই গ্রামের সংঘর্ষ, ১ জন নিহতের দাবি পরিবারের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ফরিদপুরে দুই গ্রামের সংঘর্ষ, ১ জন নিহতের দাবি পরিবারের
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুমন শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব সদরদী ও হাসামদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় সুমনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমন শেখ ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাপুরিয়া সদরদী গ্রামের বাসিন্দা। স্বজনদের দাবি, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েই সুমনের মৃত্যু হয়েছে।

সুমনের চাচাতো ভাই সাগর শেখ জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে খবর পাওয়া যায়, ভাঙ্গা ফ্লাইওভারের ওপর সুমন গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢামেকে স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এদিকে, বার্তা সংস্থা ইউএনবি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। এতে অন্তত ১০ আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সম্পর্কিত