রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের এবং এর পেছনের ক্রীড়ানকদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর উত্তর শাখা।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাড্ডা ক্লিনিকের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার ও মোতালেব হোসেন এবং সিপিবি ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সদস্য মো. রিয়াজউদ্দিন।
বক্তারা বলেন, জনগণের ট্যাক্সের টাকায় রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করা যাবে না। যারা এই ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িত এবং এর পেছনে যারা রয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, রাড্ডা ক্লিনিকের মতো একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাপ্রতিষ্ঠান দখলদারিত্বের উদ্দেশ্যে ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনায় সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। পুলিশের উপস্থিতিতে এই ধরনের ন্যাক্কারজনক হামলা দেশের মানুষকে ক্ষুব্ধ করেছে।
সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ডা. সাজেদুল হক রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জাহিদুল ইসলাম সজীব, কল্লোল বণিকসহ বিভিন্ন থানা শাখার নেতারা।