'জুলাই সনদ' বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় এবার একাধিক বিকল্প প্রস্তাব সরকারের কাছে উত্থাপন করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
তিনি জানান, জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য না হলে একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হবে।
ঐকমত্য না হলে দলগুলোর দেওয়া ছয়টি প্রস্তাব এবং বিশেষজ্ঞদের মতামতকে সমন্বিত করে একাধিক বাস্তবায়ন উপায় হিসেবে অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানান আলী রীয়াজ। তিনি ১৫ অক্টোবরের মধ্যে সনদ প্রক্রিয়া শেষ করার তাগিদ দেন। একইসঙ্গে তিনি বলেন, এই সনদ নাগরিকদের অধিকার, যা পূরণ করা অপরিহার্য।
এদিকে, জামায়াতে ইসলামী বৈঠকে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজনের পক্ষে মত দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জুলাই সনদকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে। গণভোট ও জাতীয় সংসদের ভোট একই দিনে করতে হবে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।