জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে ঢাকায় অফিস খোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় টোকিওতে জেবিআইসির গভর্নর কাজুহিকো আমাকাওয়ার সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিভিন্ন খাতে বিনিয়োগে জেবিআইসির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে তার সরকার বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজ করার উদ্যোগ নিয়েছে।
তারেক রহমান বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জেবিআইসির অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলো সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
জ্বালানি, আইসিটি ও অবকাঠামো খাতে বিনিয়োগের নতুন সুযোগ খুঁজে বের করতে জেবিআইসির সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
ঢাকায় অফিস খোলার প্রস্তাবের জবাবে জেবিআইসির গভর্নর কাজুহিকো আমাকাওয়া বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতাউর রহমান রুমন।