Advertisement

সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী
বরিশাল নগরীতে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: চরচা

আধুনিক তথ্য কমপ্লেক্স শুধু তথ্য সেবা নয়, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর ব্যবহারে সাংবাদিকরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

Advertisement

আজ রোববার দুপুরে বরিশাল নগরীতে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

তথ্যমন্ত্রী বলেন, “আধুনিক তথ্য কমপ্লেক্সটি শুধু তথ্য সেবা নয়, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “এই কাজটাকে খুব দ্রুত একটা সেবা দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে যারা ব্যবহার করতে পারেন, তারা হচ্ছেন সাংবাদিক।”

তথ্যমন্ত্রী বলেন, “তথ্য কমপ্লেক্সে প্রতিদিন যদি চারটি করে সিনেমা চলতে থাকে, যার যেমন সুবিধা ঘরে বসে ইন্টারনেটে টিকিট কাটবে, এসে ভালো ভালো ছবি দেখে চলে যাবে। এই ধরনের নানা রকম বহুমুখী তথ্য সেবা, বিনোদন সেবা, জ্ঞান আহরণের সেবা ও গবেষণার সেবা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি।”

জহির উদ্দিন স্বপন বলেন, “প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ‘ডিজিটাল বাংলাদেশ’কে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করা হবে।”

মন্ত্রী বলেন, “আমার আহ্বান থাকলো, তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে বরিশালের গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা।নির্মাণ হতে যাওয়া আধুনিক তথ্য কমপ্লেক্সে বিশ্বের সবচেয়ে তথ্য সমৃদ্ধ আর্কাইভসহ প্রযুক্তিতে তরুণদের দক্ষতা বৃদ্ধি সেবা দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে।”

তথ্যমন্ত্রী আরও বলেন, “সরকার দেশে সর্বাধুনিক প্রযুক্তির তথ্য কমপ্লেক্স তৈরির কাজ চালাচ্ছে। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশও এগিয়ে যাবে আগামীর পথে।”