পশ্চিম জার্মানির একটি সামরিক ঘাঁটির ওপর দুটি ড্রোন দেখা গেছে। আজ শনিবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জার্মানির পূর্বাঞ্চলে একটি বিমানবন্দরের কাছে বিস্ফোরকবোঝাই একটি ড্রোন পাওয়ার দুই দিন পর এই ড্রোন উড়তে দেখা গেল।
জার্মান সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে নর্থ রাইন-ভেস্টফালিয়া রাজ্যের মেখেরনিশের সামরিক ঘাঁটির ওপর ড্রোন দুটিকে দেখা যায়। এলাকাটি বেলজিয়াম সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) দূরে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মুখপাত্র জানান, ড্রোন দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সামরিক পুলিশ মোতায়েন এবং পরে ঘটনাটি কাছের একটি শহরের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।
জার্মান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেখেরনিশের বুন্ডেসভেয়ার সামরিক স্থাপনায় সামরিক সরঞ্জাম ও যন্ত্রাংশের জন্য উচ্চনিরাপত্তার ভূগর্ভস্থ একটি গুদাম রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরাও অবস্থান করেন।
জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে পাওয়া ড্রোনটি বেশ কয়েকটি ইউক্রেনীয় কার্গো বিমানের কাছাকাছি পাওয়া যায়।
এ ঘটনায় ন্যাটোর আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে জার্মানির মতো জোটের কৌশলগত গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলো নতুন ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় কতটা প্রস্তুত, তা নিয়েও বিতর্ক জোরদার হয়েছে।
জার্মান সরকারের কর্মকর্তারা প্রকাশ্যে কোনো বিদেশি দেশকে এ ঘটনার জন্য দায়ী করেননি। তবে কয়েকজন আইনপ্রণেতা রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া দেশটির সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে।
বার্লিনে রাশিয়ার দূতাবাস শুক্রবারের ঘটনাটিকে ‘মনগড়া উসকানি’ বলে প্রত্যাখ্যান করেছে। দূতাবাস বলেছে, এটি কোনো প্রমাণ ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলার আরেকটি উদাহরণ।