২০১৮ সালে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেকের পর থেকেই সিলেট সব সময় পেসারদের স্বর্গ হিসেবেই পরিচিত। সিলেটে টেস্ট খেলতে নামলে বাংলাদেশের একাদশে তাই সব সময়ই দুজনের বেশি পেসারের আধিক্যই দেখা গেছে। তবে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চমক দেখিয়েছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সিলেটের মাটিতে কোনো টেস্টে একাদশে তিনজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে মাঠে নেমেছে নাজমুল হোসেনের দল।
অথচ টসের আগে পিচ দেখে ধারাভাষ্যকার ও সাবেক ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ বলেছিলেন, “এই উইকেটে পেস ও বাউন্স থাকবে। ফলে প্রথম দুই দিন স্পিনাররা সেভাবে সুবিধা পাবেন না। আর উইকেটে যে ক্র্যাকগুলো আছে, সেগুলোও খুব দ্রুত ফাটার সম্ভাবনা নেই। অর্থাৎ, সিলেটের চিরচেনা উইকেটের মতোই এখানে প্রথম দুই-তিন দিন পেসাররাই দাপট দেখাবেন। উইকেট একটু ধরে আসলে তখনই স্পিনাররা কিছুটা সহায়তা পেতে পারেন। তবে এটি মোটেও মিরপুরের মতো টার্নিং উইকেট হবে না।”
সেখানে বাংলাদেশ দল একাদশে মাত্র দুজন পেসার নিয়ে নেমেছে। হাসান জায়গা ধরে রেখেছেন, আর শরীফুল ইসলামের বদলি হিসেবে অভিজ্ঞ তাসকিন আহমেদ। আর মিরপুরের মতোই তিন স্পিনার- মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
পেসাররাই যে এই উইকেটে বাংলাদেশের জন্য বড় সুবিধা এনে দিতে পারেন, তার প্রমাণও দিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। প্রথম ঘণ্টাতেই ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে রীতিমতো নাড়িয়ে দিয়েছেন এই দুই পেসার। একের পর এক উইকেটের সুযোগ তৈরি করে তিনটি উইকেটও তুলে নেন তারা। তাতে একপর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৭।
তবে এই দুজনকে যখন আক্রমণ থেকে সরিয়ে বিশ্রাম দেওয়ার জন্য স্পিনারদের আনা হয়, তখন থেকেই ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়ে যান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। স্পিনারদের সাদামাটা বোলিংয়ের বিপক্ষে কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু মিলে গড়ে ফেলেন ১৪১ বেশি জুটি। শেষ পর্যন্ত হাসান ফিরতি স্পেলে এসে উইকহ্যামকে ফিরিয়ে স্বস্তি ফিরিয়েছেন।
তাইজুল-মিরাজদের বোলিং দেখে তাই প্রশ্ন জাগতেই পারে, কেন সিলেটে হওয়া একটি টেস্টে বাংলাদেশের একাদশে তিনজন স্পিনার? হঠাৎ করেই কি দেশের মাটিতে পেসারদের ওপর বাংলাদেশের আস্থা কমে গেল? নাকি নাহিদ রানা না থাকার কারণে স্পোর্টিং উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার সাহস আর পাচ্ছে না বাংলাদেশ?
সেটা না হলে বাংলাদেশের পেস আক্তমণে এখনো যারা আছেন, তারা প্রত্যেকেই বিশ্বমানের। শরীফুল, তাসকিন, হাসান, ইবাদত আহমেদ, খালেদ আহমেদরা অনায়াসেই যেকোনো ব্যাটিং অর্ডারকে বিপদে ফেলতে সক্ষম। সেখানে তাদের রেখে তিনজন স্পিনার নিয়ে সিলেটেও যখন বাংলাদেশ দল মাঠে নেমে যাচ্ছে, সেটাই বলে দিচ্ছে, পেস বিপ্লবের এই সময়েও পেসারদের ওপর ঠিক যেন পুরোপুরি ভরসা করতে পারছে না টিম ম্যানেজমেন্ট।
কিন্তু স্পিনাররা ঠিক কতটা আস্থার প্রতিদান দিতে পারছেন? মূল স্পিনার তাইজুল শেষ ৪ টেস্টে নিয়েছেন মাত্র ৮ উইকেট। আর যে মিরপুর স্পিনিং উইকেটের জন্য বিখ্যাত, সেখানে পুরোপুরি টার্নিং উইকেট বানিয়েও বাংলাদেশ চার দিনে হেরে গেছে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের স্পিনাররা মাত্র আটটি উইকেট নিতে পেরেছেন, যেখানে প্রতিপক্ষের স্পিনাররা নিয়েছিলেন ১৬টি উইকেট। বলা যায়, বাংলাদেশ দল মূলত প্রতিপক্ষের স্পিনারদের কাছে নাস্তানাবুদ হয়েছিল।
সেখানে একদিকে নিজেদের পেসাররা সেরা সময়ে থাকার পরও তাদের সুযোগ দেওয়া হচ্ছে না, অন্যদিকে একজন বাড়তি স্পিনার খেলিয়ে বাংলাদেশ দল স্পিন আক্রমণ সাজাচ্ছে, যে স্পিন আক্রমণ প্রথম টেস্টে দলকে হতাশ করেছে।
ডারউইন টেস্ট জয়ের পর থেকেই বাংলাদেশের ব্যাটিং ও বোলিংয়ে যেভাবে বিপর্যয় দেখা যাচ্ছে, তাতে টেস্ট ক্রিকেটকে বাংলাদেশ দল অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার জায়গা হিসেবে বেছে নিচ্ছে কি না, সেই প্রশ্ন কেউ তুললে খুব কী ভুল হবে?