ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। জন্মদিনে আপনার জন্য রইল অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার পথচলা সব সময় সুস্বাস্থ্য ও প্রফুল্লতার সঙ্গে অব্যাহত থাকুক।”
একই বার্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে থেকে পোস্ট করেন।
প্রধানমন্ত্রীর পোস্ট দেওয়ার প্রায় আধা ঘণ্টা পর সেটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। জবাবে তিনি লেখেন, “ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য। আপনার সদয় কথাগুলোর জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।”
ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র দামোদরদাস মোদি ১৯৫০ সালের এই দিনে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের মে মাস থেকে ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০০১ সালের ৭ অক্টোবর থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।