Advertisement

সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের
বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফাইল ছবি: রয়টার্স

বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ রোববার হুতিরা এই সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

Advertisement

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে তারা আবারও সতর্ক করছেন। তিনি বলেন, এসব বিমানবন্দর ও আকাশসীমা তাদের বাহিনীর হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু।

Advertisement

তবে মক্কা ও মদিনাকে এই হুঁশিয়ারির বাইরে রাখা হয়েছে বলে জানান ইয়াহিয়া। তাদের সতর্কবার্তা সবাইকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

হুতিরা আরও বলেছে, হামলা ঠেকানোর চেষ্টা ব্যর্থ হলে তার দায় সৌদি আরবকেই নিতে হবে।

এর আগে, গতকাল শনিবার সৌদির কিং খালিদ বিমানবন্দরে এ সপ্তাহে তৃতীয়বারের মতো হামলা হয়। রয়টার্সের খবরে জানানো হয়েছে, এবারের হামলায় দুইজন বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জনের বেশি।

শনিবারের এ হামলাকে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেছেন দেশটির কর্মকর্তারা। হুতিরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রয়টার্স জানিয়েছে, শনিবারের হামলার আগে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। সৌদি আরবের হুমকি সতর্কীকরণ ব্যবস্থায়ও কোনো সংকেত দেওয়া হয়নি।